সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:
জামালপুরের মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও টর্চলাইট জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়নের উত্তর মেঘারবাড়ী জামে মসজিদসংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী ফকিরপাড়া এলাকার জাহিদুল ইসলাম আল আমিন (২৭) ও জামালপুর সদর উপজেলার ধোপাকুড়ি এলাকার দেলোয়ার ফারুক (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। উত্তর মেঘারবাড়ী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন একটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। এ সময় আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি সবুজ প্লাস্টিকের পাইপ, যার মাথায় লোহার পেরেক লাগানো ছিল, দুটি লোহার রডের টুকরা, প্লাস, সেলাই রেঞ্চ, ঢাল রেঞ্চ, অতিরিক্ত ব্যাটারিসহ একটি টর্চলাইট এবং একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মোটরসাইকেলটি দেলোয়ার ফারুকের বলে জানান। অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলেও পুলিশকে জানান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেছে। মামলায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৫১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। এ সময় ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মেলান্দহে ট্রান্সফরমার চুরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২
React:




