Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
দেওয়ানগঞ্জ

প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সম্পাদক

প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সম্পাদক

জামালপুর প্রতিনিধি ।। জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ঘোষিত হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় একজন নেতার সাংবাদিকতায় যুক্ত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই প্রেসক্লাবের শীর্ষ পদে আসা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের এক সভা শেষে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন।

কমিটিতে সভাপতি পদে আতিকুর রহমান সাজু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা ঘোষিত হন।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আতিকুর রহমান সাজু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির পৌর শাখার সদস্যসচিব ও আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

চলতি বছরের মে মাসে অনলাইন নিউজ পোর্টাল ‘সিএনএ টোয়েন্টিফোর নিউজ’-এর মাধ্যমে তিনি সাংবাদিকতায় যুক্ত হন। এর মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ঘোষিত হলেন। ঘোষিত কমিটিতে থাকা একজন সাংবাদিক জানান, এই কমিটি তিনিই সিলেক্ট করেছেন, তিনিই নিজেকে সভাপতি ও অন্যদের বিভিন্ন পদে রেখে কমিটি ঘোষণা করান।”

বিষয়টি নিয়ে নতুন সভাপতি আতিকুর রহমান সাজুর বক্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হয়। অভিনন্দন জানানোর পর তিনি স্বাভাবিকভাবে কথা বললেও সাংবাদিকতায় তাঁর যুক্ত হওয়া এবং অল্প সময়ের মধ্যে প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে অন্য একজন সাংবাদিক তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করলেও পরিচয় জানার পর একইভাবে তিনি কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সাংবাদিকদের সংগঠনের নেতৃত্বে সক্রিয় রাজনৈতিক ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামালপুরের কয়েকজন সাংবাদিক নেতা।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংবাদিকদের মূল কাজ সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু সেই ক্ষমতার সঙ্গে যুক্ত নেতারাই যদি সাংবাদিকদের সংগঠন নিয়ন্ত্রণ করেন, তাহলে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যায়।’

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী বলেন, ‘এটি হওয়া উচিত নয়। এতে সাংবাদিকদের অধিকার রক্ষা করা কঠিন হয়ে যাবে।’

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিতে রাজনৈতিকভাবে সক্রিয় একজন ব্যক্তির সভাপতি ঘোষিত হওয়ার বিষয়টি তাই স্থানীয় সাংবাদিকদের মধ্যে স্বাধীন সাংবাদিকতা, পেশাগত নীতি ও সাংবাদিক সংগঠনের নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies