রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সিপিজের এশিয়া শাখা এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনার সংবাদ সংগ্রহের সময় দ্য ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ২৪ ডটকম ও আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিবেদকদের ওপর হামলা চালানো হয়। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, লাঠিসোটা দিয়ে সাংবাদিকদের মারধর করেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতাকর্মীরা।
হামলায় চার সাংবাদিকই আহত হন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরদিন, ৫ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পুলিশের কাছে একটি মামলা করে।
তবে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব, এমন ভিডিও ফুটেজ রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় শুধু অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করে ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
সিপিজে বলেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করা বাংলাদেশ কর্তৃপক্ষের দায়িত্ব। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা যাতে হামলা বা সহিংসতার আশঙ্কা ছাড়াই তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

