ফজর শুরু: ভোর ৪:৫০ মিনিট
সূর্যোদয়: সকাল ৬:০৯ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:১৯ মিনিট
কোরআন থেকে অনুবাদ
এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না। [সুরা বাকারা – ২:৮৬]
অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এবং তার পরে পর্যায়ক্রমে রসূল পাঠিয়েছি। আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মোজেযা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিদান করেছি। অতঃপর যখনই কোন রসূল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে, যা তোমাদের মনে ভাল লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ। [সুরা বাকারা – ২:৮৭]
দিবস/উদযাপন
বিশ্ব প্রাণী দিবস (World Animal Day)
প্রতি বছর ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়। প্রাণীর অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং প্রাণীর প্রতি মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরিই এ দিবসের মূল উদ্দেশ্য।
১৯২৫ সালে জার্মানির বার্লিনে হাইনরিখ জিমারম্যান প্রথম বিশ্ব প্রাণী দিবসের আয়োজন করেন। পরবর্তী সময়ে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা সম্মেলনে ৪ অক্টোবর তারিখটি বিশ্বব্যাপী পালনের স্বীকৃতি পায়।
ইতিহাসে আজ
৬১০ খ্রিষ্টাব্দ: বাইজেন্টাইন সম্রাট হিসেবে হেরাক্লিয়াসের ক্ষমতা গ্রহণ
৪ অক্টোবর ৬১০ খ্রিষ্টাব্দে হেরাক্লিয়াস কনস্টান্টিনোপলে পৌঁছে সম্রাট ফোকাসকে ক্ষমতাচ্যুত করেন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। পরবর্তী সময়ে তাঁর শাসনামলেই মুসলিমদের সঙ্গে বাইজেন্টাইন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সংঘাত ও ভূখণ্ড পরিবর্তনের ঘটনা ঘটে।
২. ১৫৮২: গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন
৪ অক্টোবর ১৫৮২ ছিল ইতালি, স্পেন, পর্তুগাল ও পোল্যান্ডের প্রচলিত জুলিয়ান বর্ষপঞ্জির শেষ দিন। পোপ ত্রয়োদশ গ্রেগরির উদ্যোগে পরদিন ১৫ অক্টোবর থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কার্যকর হয়। সৌরবর্ষের সঙ্গে বর্ষপঞ্জির অসংগতি দূর করতে মাঝখান থেকে ১০ দিন বাদ দেওয়া হয়েছিল।
৩. ১৮৩০: নেদারল্যান্ডস থেকে বেলজিয়ামের স্বাধীনতা ঘোষণা
৪ অক্টোবর ১৮৩০ সালে বেলজিয়ামের অস্থায়ী সরকার নেদারল্যান্ডস থেকে দেশটির স্বাধীনতা ঘোষণা করে। এর আগে ব্রাসেলসে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল। পরবর্তী সময়ে ইউরোপের বৃহৎ শক্তিগুলো বেলজিয়ামের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
৪. ১৯১১: লিবিয়ায় ইতালীয় বাহিনীর অবতরণ
৪ অক্টোবর ১৯১১ সালে ইতালীয় বাহিনী উসমানীয় সাম্রাজ্যের অধীন লিবিয়ার তবরুক উপকূলে অবতরণ করে। এটি ইতালি ও উসমানীয় সাম্রাজ্যের মধ্যকার যুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়। লিবিয়ায় ইতালির সামরিক আগ্রাসনের মধ্য দিয়ে উত্তর আফ্রিকায় উসমানীয় শাসনের অবসানের প্রক্রিয়া শুরু হয়। মুসলিম বিশ্বের ইতিহাসে ঘটনাটি ঔপনিবেশিক আগ্রাসন ও প্রতিরোধের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
৫. ১৯৫৭: মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণ
৪ অক্টোবর ১৯৫৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ মহাকাশে উৎক্ষেপণ করে। এর মধ্য দিয়ে মহাকাশ যুগের সূচনা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা নতুন মাত্রা পায়।
