Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
খেলাধূলা

সূচি ঘোষণা: আসিয়ান কাপের বাংলাদেশের খেলা কবে, কখন?

সূচি ঘোষণা: আসিয়ান কাপের বাংলাদেশের খেলা কবে, কখন?

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে প্রথম ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

বুধবার বিকেলে টুর্নামেন্টে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। খেলা হবে জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।

এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। ভারত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় ফিফা। আমন্ত্রণে সাড়া দিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।

টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে দলের ক্যাম্প। তবে বিদেশি লিগে খেলা ফুটবলাররা প্রাথমিক দলের ক্যাম্পে ছিলেন না। তারা হলেন—হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম। চূড়ান্ত স্কোয়াডে থাকলে টুর্নামেন্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

২৮ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে রয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ফিফা আসিয়ান কাপ। ফিফা আরব কাপের আদলে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় গত বছর। চলতি বছর ফিফা কংগ্রেসে টুর্নামেন্টটি চূড়ান্ত অনুমোদন পায়।

আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে এবারের টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে চীনের জায়গায় পাকিস্তানকে এবং ভারতের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশের প্রাথমিক দল:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies