স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধরের হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আজমাইন হোসেন লাঞ্জু নামে এক ছাত্রদল সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব মালঞ্চ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লাঞ্জু ওই এলাকার সুজা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি মেলান্দহ উপজেলা ছাত্রদলের একটি মেসেঞ্জার গ্রুপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে লাঞ্জুকে বিএনপির ক্ষমতাকালে কয়েকজন সাংবাদিক ও পুলিশ সদস্যকে মারধর করতে না পারলে ছাত্রদল করার অর্থ কী—এমন বক্তব্য দিতে শোনা যায়।
এ ছাড়া স্থানীয় ছাত্রদল নেতা জুয়েলের অনুমতি পেলে সাংবাদিকদের মারধর করার হুমকি দিতেও শোনা যায় তাকে। অডিওতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের আটকে রেখে মারধর এবং পরে সংসদ সদস্যকে জানিয়ে থানায় সোপর্দ করার পরিকল্পনার কথাও শোনা যায়।
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মেলান্দহজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে জামালপুরের পুলিশ সুপারের নির্দেশে মেলান্দহ থানা-পুলিশ অভিযান চালিয়ে লাঞ্জুকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির জানান, বিষয়টি নিয়ে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
মেলান্দহে পুলিশ-সাংবাদিককে পেটানোর হুমকি, অডিও ভাইরাল; ছাত্রদল সমর্থক গ্রেপ্তার
Oplus_131072
React:




