লাভলু মিয়া ।।
জামালপুরের দেওয়ানগঞ্জে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন সাপোর্ট প্রজেক্টের আওতায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের হাতে ৬০ কেজি চাল ও ৫ লিটার করে ভোজ্যতেল তুলে দেওয়া হয়। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা।
বাংলাদেশে ২০০৭ সাল থেকে সংস্থাটি মানবিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. খবীরুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মো. ফয়সালে মণ্ডল এবং ডকুমেন্টেশনের দায়িত্বে ছিলেন মো. নাঈম জমাদ্দার। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহ্ জহুরুল হোসেন বলেন, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। দেওয়ানগঞ্জ একটি বন্যাপ্রবণ ও নদীভাঙনকবলিত উপজেলা। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর এ এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন। ফলে অসহায় মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়ন সংস্থার সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি দেওয়ানগঞ্জের মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
খাদ্যসামগ্রী নিতে আসা সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরাও জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রয়োজনের সময়ে এ ধরনের সহযোগিতা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবক হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন তরুণ সহযোগিতা করেন। তারা উপকারভোগীদের তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী গ্রহণ ও বিতরণে সহযোগিতা করেন। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ কান্ট্রি অফিসের পক্ষ থেকে কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং তরুণ স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।




