স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয়। তবে এটি এখন বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি, আরাকান আর্মিসহ বিভিন্ন পক্ষের ভূমিকা এবং আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ সৃষ্টি ছাড়া এ সংকটের সমাধান কঠিন।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিজ (সিএনআরবি) আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে আলোচনা হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের সীমান্তের ভেতরের বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের ভূমিকা বিবেচনায় নিয়ে এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর চাপ প্রয়োজন।
বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘এই সরকারের ভালো কিছু করার রাজনৈতিক সদিচ্ছা ও অভিপ্রায় রয়েছে। আমরা শুধু ভালো কাজের প্রচার বহির্বিশ্বে করতে চাই না; বরং বাস্তবে ভালো কিছু করতে চাই, যাতে আপনারা বলতে পারেন—দেশে ভালো কিছু হচ্ছে।’
বিনিয়োগকারীদের সুবিধার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ইনভেস্ট’ নামে ওয়ান-স্টপ সার্ভিস আইন পাস করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না; একটি পয়েন্ট থেকেই প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ডিজিটাল রিসোর্স ও অনলাইনে ফার্ম-কম্পানি নিবন্ধন প্রক্রিয়াও আরও সম্প্রসারিত করা হয়েছে।
তিনি জানান, ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ নামে একটি সমন্বিত ডেটাবেস তৈরির কাজ করছে সরকার। এর মাধ্যমে একজন নাগরিকের প্রয়োজনীয় তথ্য একটি কার্ডের মাধ্যমে সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা করা হবে।
প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে দুই লাখ প্রবাসী কার্ড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশের শ্রমবাজারে দক্ষ নারী ও পুরুষ কর্মী পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিসভায় নতুন ভিসা নীতি অনুমোদন করা হয়েছে, যা বাংলাদেশকে আরও বন্ধুত্বপূর্ণ ও বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
অর্থনৈতিক কূটনীতির বিষয়ে শামা ওবায়েদ বলেন, কোনো একটি উৎসের ওপর নির্ভরশীল না থেকে জ্বালানি উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে। এর অংশ হিসেবে আফ্রিকা মহাদেশেও জ্বালানি উৎস অনুসন্ধানের কাজ চলছে।
তিনি বলেন, পরিবর্তন একদিনে সম্ভব নয়, এর জন্য সময় প্রয়োজন। প্রধানমন্ত্রী বিভিন্ন খাতের মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত ও পরামর্শ নিচ্ছেন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন।
শিক্ষা খাতের প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা উন্নয়নে প্রাথমিক স্তর থেকেই কাজ শুরু হয়েছে। তবে শুধু সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা ইস্যুর সমাধান কঠিন: শামা ওবায়েদ
Oplus_131072
React:




