স্টাফ রিপোর্টার:
ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তার প্রশাসন সংঘাতের প্রভাব কম করে দেখানোর চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী ঘিরে সংঘর্ষ বাড়লেও তিনি এটিকে যুদ্ধ বলবেন না।
এর এক দিন পর শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অনেকেই এটিকে যুদ্ধ বলে না। আমি এটিকে সামরিক সংঘাত বলি, কারণ এটি আমাদের জন্য ছোটখাটো বিষয়।’
তিনি আরও বলেন, ‘এটি বড় কোনো বিষয় নয়। আমরা ভেনিজুয়েলায়ও করেছি এবং এটিও করেছি।’
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বিক্ষিপ্তভাবে হামলা চালালেও ‘এই মুহূর্তে আমরা যুদ্ধ করছি না’। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্র কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা অবিশ্বাস্য। আমরা ভেনিজুয়েলা দখলে নিয়েছি এবং কার্যত ইরানও আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’
ইরানের সঙ্গে সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার পরও কীভাবে তিনি এটিকে ‘ছোটখাটো বিষয়’ বলছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন। তিনি এ সংঘাতকে ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি যুদ্ধের সঙ্গে তুলনা করেন।
ট্রাম্প বলেন, ‘আপনি এটিকে কী নামে ডাকছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে থামিয়েছি।’
এদিকে, সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প
Oplus_131072
React:




