বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০; আহত ৫৮ পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে সামরিক ঘাঁটির একটি অংশে বিস্ফোরণটি ঘটে। ওই এলাকায় আতশবাজি সংরক্ষণ করা হয়েছিল বলে জানা গেছে।মন্ত্রী জানান, আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক বাহিনীর সদস্য। ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিস্ফোরণের পর সামরিক ঘাঁটির আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত এবং আতঙ্কিত মানুষকে নিরাপদ স্থানে ছুটে যেতে দেখা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দল আহতদের স্বজনদেরও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।বিস্ফোরণের তীব্রতায় সামরিক ঘাঁটির আশপাশের কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রিটা নেব্রাস্কা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো কিছু বিস্ফোরক পড়ে রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। ফলে সেখানে আরও বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০; আহত ৫৮
React:




