Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও শান্তি প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনবিদ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার পিল্লাই যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে কমিটি।

বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, দীর্ঘ সময়ের মধ্যে বিশ্ব এখন সবচেয়ে বেশি যুদ্ধ ও সংঘাতের অন্যতম এক কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন আর শান্তি ও নিরাপত্তার সহায়ক কোনো বিষয় নয়, বরং এটি অপরিহার্য।

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, আন্তর্জাতিক আইনব্যবস্থা এখন প্রচণ্ড চাপের মুখে এবং এর প্রতিষ্ঠানগুলোও আক্রমণের শিকার। বিচারকেরাই শৃঙ্খলা ও বিশৃঙ্খলার মধ্যকার সূক্ষ্ম সীমারেখা রক্ষা করেন।

মানবতাবিরোধী অপরাধের বিচারে ভূমিকা

ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাভি পিল্লাইয়ের বয়স ৮৫ বছর। ১৯৬৭ সালে তৎকালীন নাটাল প্রদেশে আইন পেশা শুরু করা প্রথম নারী ছিলেন তিনি।

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নেলসন ম্যান্ডেলা এবং অন্য আন্দোলনকর্মীদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন পিল্লাই। দক্ষিণ আফ্রিকার হাইকোর্টে দায়িত্ব পালনকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারীও তিনি।

পরবর্তী সময়ে রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নোবেল কমিটি বিশেষভাবে উল্লেখ করেছে, রুয়ান্ডা ট্রাইব্যুনালে দায়িত্ব পালনের সময় ধর্ষণ ও যৌন সহিংসতাকে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অংশ হিসেবে বিবেচনার ক্ষেত্রে পিল্লাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। গত বছর প্রকাশিত কমিশনের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবেদনটি উপস্থাপনের সময় পিল্লাই বলেন, গাজার ফিলিস্তিনিদের একটি জনগোষ্ঠী হিসেবে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে ইসরায়েল চার ধরনের গণহত্যামূলক কর্মকাণ্ডের জন্য দায়ী বলে কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে।

তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গণহত্যা সংঘটনে উসকানি দিয়েছেন।

বর্তমানে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগসংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে দায়িত্ব পালন করছেন পিল্লাই।

পুরস্কারের খবরে বিস্মিত পিল্লাই

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় পিল্লাই বলেন, প্রথমে তাঁর মনে হয়েছিল, খবরটি হয়তো নিছক রসিকতা। আইনজীবী ও বিচারক হিসেবে তিনি বিষয়টি যাচাই করে নিতে চেয়েছিলেন।

তিনি বলেন, গাজায় যা ঘটছে, তাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করাই ছিল তাঁর সর্বশেষ কাজ। ওই প্রতিবেদনের পর তাঁর সাহসিকতার প্রশংসা করা হয়েছে উল্লেখ করে তিনি বিস্ময় প্রকাশ করেন। তাঁর প্রশ্ন, সত্য কথা বলার জন্য সাহসের প্রয়োজন হবে কেন?

এ বছরের নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। আগামী ১০ ডিসেম্বর অসলোতে পুরস্কারটি তাঁর হাতে তুলে দেওয়া হবে। সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। ১৮৯৫ সালে নিজের উইলে নোবেল পুরস্কারের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি।

এ বছর শান্তি পুরস্কারের জন্য ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সুদানের জরুরি উদ্ধারকারী দল, ইউক্রেনের শিশু অধিকারকর্মী এবং দুটি শীর্ষ আন্তর্জাতিক আদালত।

এ সপ্তাহের শুরুতে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন। চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটেও তিনি বারবার দাবি করেছেন, এই পুরস্কার তাঁর প্রাপ্য।

গত বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজের পদক ট্রাম্পকে উপহার দেন।

পিল্লাই রসিকতা করে বলেন, তিনি হয়তো ট্রাম্পের সঙ্গে নিজের পুরস্কার ভাগ করে নিতে পারেন। পুরস্কার ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হচ্ছিল। সে সময় তিনি বলেন, ‘আপনারা যদি আরও একটু জোরে করতালি দেন, তাহলে হয়তো ট্রাম্পের সঙ্গে পুরস্কারটি ভাগ করে নিতে পারি।’

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies