আন্তর্জাতিক ডেস্ক:
ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এ বিষয়ে একটি প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
মেলোনির ঘোষিত প্রস্তাবে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের পাশাপাশি স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার কথা রয়েছে। এছাড়া যেসব বিদেশি শিক্ষার্থীর স্কুলে একীভূত হতে গুরুতর সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতা আরোপের কথাও বলা হয়েছে।
মেলোনি বলেন, ইতালীয় শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। তার ভাষ্য, ইতালিতে ভবিষ্যৎ গড়তে চাইলে অভিবাসীদের দেশটির ভাষা, সংস্কৃতি ও নিয়ম সম্পর্কে জানা প্রয়োজন।
তবে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা কত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সংখ্যা ঘোষণা করা হয়নি। বর্তমানে ইতালির স্কুলগুলোতে ইতালীয় নাগরিক নন—এমন শিক্ষার্থীর হার প্রায় ১১ দশমিক ৬ শতাংশ।
প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনে পরিণত করতে সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে ঘোষণাটি এখনো চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হয়নি।
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী কমানোর উদ্যোগ
Oplus_131072
React:




