Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
মতামত

জামালপুর শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্ভোগে নগরবাসী

জামালপুর শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্ভোগে নগরবাসী

সাইদুর রহমান ।। জামালপুর শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বাসাবাড়ির রান্নাঘরের তরকারির খোসা, পলিথিন, পচা খাবারসহ নানা ধরনের বর্জ্য সড়কের পাশে ফেলে রাখায় পরিবেশ দূষিত হচ্ছে। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। পাশাপাশি মশার বংশবিস্তার ও জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আশেক মাহমুদ কলেজসংলগ্ন ডায়াবেটিস হাসপাতাল থেকে স্টেডিয়াম রোড পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। একইভাবে চামড়াগুদাম মোড় থেকে শহীদ হারুন সড়কের গ্রন্থাগারসংলগ্ন এলাকায়ও বর্জ্য জমে থাকার চিত্র দেখা যায়। শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে এভাবে ময়লা পড়ে থাকায় পথচারীদের চলাচলে অস্বস্তি সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে, মনির চেয়ারম্যানের মোড় থেকে ফৌজদারি এলাকার দিকে যাওয়ার সড়কেও ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। এসব স্থানে পচা খাবার ও অন্যান্য বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে।
নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা না গেলে এ ধরনের বর্জ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে যেখানে পানি জমে থাকে, সেখানে এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা থাকে। ফলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা জরুরি।
শহরের বাসিন্দাদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার পাশাপাশি নির্ধারিত সময়ে তা অপসারণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে নাগরিকদের সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জামালপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করা, নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, নাগরিক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব।
তাই জনদুর্ভোগ কমানো, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জামালপুর পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতা নিশ্চিত করা গেলে শহরের সড়কগুলো পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরবাসীর চলাচলও আরও স্বস্তিদায়ক হবে।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies