আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সায়ের উদ্দিন প্রামাণিক মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বালিজুড়ী বাজারে ‘হাফিজুর ক্রোকারিজ’-এর সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি কান ও মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথেই বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




