আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:-
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। মাটি দিয়ে প্রতিমার কাঠামোগঠন, খড়ের ওপর মাটির প্রলেপ দেওয়া এবং নিপুণ হাতে দেবী ও তাঁর পরিবারের অবয়ব ফুটিয়ে তোলার কাজ চলছে পুরোদমে।
মৃৎশিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণ রূপ নিচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে কারিগরদের যেন নাওয়া-খাওয়ার ফুসরত নেই। প্রতিটি প্রতিমায় তারা ফুটিয়ে তুলছেন নিজস্ব সৃজনশীলতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বংশপরম্পরায় লালিত শিল্পচর্চা।
স্থানীয়রা জানান, শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়; এটি আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মৃৎশিল্পীর জীবন-জীবিকা ও পারিবারিকভাবে বয়ে চলা ঐতিহ্য।
মাদারগঞ্জের বিভিন্ন মণ্ডপে প্রথম ধাপের মাটির কাজ শেষ হলেই শুরু হবে রং, তুলির নিখুঁত আঁচড় এবং সাজসজ্জার কাজ। পূজা ঘনিয়ে আসার সাথে সাথে মণ্ডপগুলোতে এখন থেকেই বইছে উৎসবের আমেজ।
প্রতিমাশিল্পীদের প্রত্যাশা—সকলের সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারও শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর হয়ে উঠবে।
প্রতিমার কাজের অগ্রগতি ও সার্বিক নিরাপত্তার বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, “মাদারগঞ্জে এবার মোট ২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। পূজা সুষ্ঠু, নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”




