আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি
শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য বজলুর রহমান খান ও প্রশিক্ষণার্থী কণিকা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষায় বাল্যবিয়ে প্রতিরোধ, তাদের মৌলিক ও আইনি অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা ও উন্নয়নের মূলধারায় মেয়েদের এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিয়ে পুরোপুরি প্রতিরোধ করা এবং তাদের শিক্ষার সুযোগ সুগম করা অত্যন্ত জরুরি। পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে যাতে কন্যাশিশুরা কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়। উপযুক্ত শিক্ষা ও সুযোগ পেলে আমাদের মেয়েরা দেশের সার্বিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখতে পারবে।”
অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




