আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের ছেলে।
স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে শিশু রাতুল বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে স্বজনেরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে রাতুলকে ভেসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।
পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শিশুটির এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদুজ্জামান জানান, “শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।”




