আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর বসতঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও টিন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রুমা আক্তার তাঁর সৎ শাশুড়ি আমেনা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বড় ভাংবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রুমা আক্তারের স্বামী স্মরণ আলী দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত। স্বামী বিদেশে থাকায় রুমা অধিকাংশ সময় বাবার বাড়িতে অবস্থান করেন।
রুমা আক্তারের অভিযোগ, ঘটনার সময় তিনি তাঁর জেঠাশ্বশুরের বাড়িতে ছিলেন। এ সুযোগে আমেনা বেগম ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য সংঘবদ্ধভাবে তাঁদের বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও টিনসহ বিভিন্ন মালামাল নিয়ে যান তারা।
রুমা আক্তার বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই তাঁর অনুপস্থিতিতে ঘরের মালামাল লুট করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাপ্পি বেগম। তাঁর দাবি, ওই ঘরটি তাদের।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




