দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে সাংবাদিকদের ওপর সংঘটিত প্রতিটি হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি বিশেষভাবে উদ্বেগজনক। ৪ অক্টোবরের ওই ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করছিলেন।
সম্পাদক পরিষদ বলেছে, কোনো সংবাদ, মতামত বা সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ড নিয়ে কারও মতবিরোধ থাকতেই পারে। কিন্তু এর জেরে হামলা, হুমকি, হয়রানি কিংবা সাংবাদিকের পেশাগত কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। একজন সাংবাদিকের ওপর হামলা কেবল একজন পেশাজীবীর ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও আঘাত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সম্পাদক পরিষদ। তবে সংগঠনটি বলেছে, তদন্ত হতে হবে নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণনির্ভর। হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় যা-ই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় কয়েকটি দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটির দাবির মধ্যে রয়েছে, সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সব হামলা, হুমকি ও হয়রানির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত; জড়িত ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা না করে আইনের আওতায় এনে যথাযথ আইনগত ব্যবস্থা নিশ্চিত করা।
এ ছাড়া রাজনৈতিক কর্মসূচি, বিশ্ববিদ্যালয়, আদালত, প্রশাসনিক কার্যালয়সহ জনসমাগমের অন্যান্য স্থানে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সব পক্ষের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করার আহ্বানও জানিয়েছে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়; এটি একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজের অপরিহার্য শর্ত। ভয়, হুমকি ও সহিংসতার পরিবেশে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।
এ কারণে সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনায় দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। এ ক্ষেত্রে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।




