আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, সরকারি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং স্থানীয় মানুষের পুষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি জলাশয়, আশ্রয়ণ প্রকল্প ও খাস পুকুরে ৩০৭ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার খরকা বিল, ভুরভুরা বিলসহ আবাসন, আদর্শ গ্রাম, গুচ্ছগ্রাম ও সরকারি ৯টি খাস পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ১ লাখ টাকা বরাদ্দে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির এসব পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে খরকা বিলে ১০০ কেজি, ভুরভুরা বিলে ৫৪ কেজি এবং আবাসন, আদর্শ গ্রাম, গুচ্ছগ্রাম ও সরকারি খাস পুকুরগুলোতে ১৫৩ কেজি পোনা মাছ ছাড়া হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক প্লাবন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ, উপজেলা পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল।
এ সময় স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি জলাশয় ও খাস পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্তির ফলে জলাশয়গুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি স্থানীয়ভাবে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




