আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল (২৬) নামে এক ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদের পাশে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজলের কোমর ও হাতের বিভিন্ন অংশ ঝলসে যায়। আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে জামালপুরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়। সেখান থেকেও চিকিৎসকদের পরামর্শে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে বলে জানা গেছে।
বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়ে জানতে পল্লী বিদ্যুতের কয়ড়া সাব-জোনাল অফিস ও সাব-স্টেশনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় কীভাবে কাজ চলছিল তা সঠিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।




