স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারে অভিযান চালিয়ে প্রায় এক মণ (৪০ কেজি) দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করা হয়। পরে জব্দ করা মাংস জনসম্মুখে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীর দোকানের ফ্রিজে পচা ও বাসি মাংস পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব মাংস তাজা মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।




