Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
আন্তর্জাতিক

ইয়েমেনে ফের তীব্র লড়াই, হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের ঘোষণা

ইয়েমেনে ফের তীব্র লড়াই, হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের ঘোষণা

আলজাজিরা: ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির হুতিদের নিয়ন্ত্রিত সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে কয়েক বছর ধরে অনেকটা স্থবির থাকা ইয়েমেনের গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা ও সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইয়েমেনের সরকারের নির্বাহী সংস্থা প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রাশাদ আল-আলিমি এ ঘোষণা দেন। সাম্প্রতিক কয়েক সপ্তাহে লোহিত সাগরের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ শহরের আশপাশে তীব্র লড়াই ও হুতিদের অগ্রসর হওয়ার পর এই ঘোষণা এলো।

সোমবার ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, তারা রাজধানী সানাকে পুনর্দখলের লক্ষ্যে ‘কৌশলগত’ সামরিক অভিযান শুরু করেছে। ২০১৪ সাল থেকে রাজধানীটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে একই দিন সৌদি আরবের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী জানায়, তারা বাব আল-মান্দাব প্রণালির কাছে দেশটির পশ্চিম উপকূলের ধুবাব জেলা পুনর্দখল করেছে। তবে হুতিরা এ দাবি অস্বীকার করেছে।

ইরান-সমর্থিত হুতি এবং ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে ২০২২ সালের ভঙ্গুর যুদ্ধবিরতি জুলাইয়ে ভেঙে যাওয়ার পর থেকে সংঘাত আবার বাড়তে শুরু করে। এরপর নতুন করে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গত মাসে হুতিরা দ্রুতগতির অভিযানে লোহিত সাগরের প্রায় ১৫০ কিলোমিটার উপকূলীয় এলাকা এবং বাব আল-মান্দাবের আশপাশের কয়েকটি অঞ্চল দখল করে নেয়। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ।

বিভিন্ন ফ্রন্টে তীব্র লড়াই

ইয়েমেনের সরকারি সেনাবাহিনী সোমবার দাবি করেছে, সাদা, আল-জাওফ ও তাইজ প্রদেশ এবং দেশের পশ্চিম উপকূলে পরিচালিত ১ হাজার ১২২টি সামরিক অভিযানে ১ হাজার ৭৪৭ জন হুতি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, এসব অভিযানে হুতিদের কামান ও ক্ষেপণাস্ত্রের অবস্থান, সামরিক স্থাপনা, সরবরাহলাইন, অতিরিক্ত সেনা ও কমান্ড সেন্টার লক্ষ্য করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করা হয়েছে। এ সময় ৩৬৪টি সামরিক ও রসদবাহী যান ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে হতাহতের সংখ্যা ও সামরিক সরঞ্জাম ধ্বংসের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে উত্তর-পূর্ব ইয়েমেনের মারিব প্রদেশেও সোমবার সংঘাত বেড়েছে। একটি সামরিক সূত্রের বরাতে জানা গেছে, সরকারি বাহিনী প্রদেশটির উত্তরে রাগওয়ান ফ্রন্টে হুতিদের অবস্থানে হামলা চালিয়েছে। একই সময়ে হুতিদের অবস্থান ও রসদবহরের ওপর বিমান হামলাও চালানো হয়।

সূত্রটি জানায়, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার হুতি অবস্থান, একটি অস্ত্রের গুদাম এবং সামরিক রসদ ও অতিরিক্ত সেনা পাঠানোর স্থাপনাগুলো এসব হামলার লক্ষ্য ছিল।

এর আগের দিন রোববার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তাইজ ও তোর আল-বাহা ফ্রন্টের আশপাশে হুতিদের রসদ ও অতিরিক্ত সেনা সরবরাহের অবস্থানে তারা ৯৭টি হামলা চালিয়েছে। এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।

তাইজের পরিস্থিতি সম্পর্কে আল জাজিরার ইয়েমেন ব্যুরো প্রধান সাঈদ সাবিত বলেন, কৌশলগত শহরটির আশপাশের গ্রামীণ এলাকায় হুতিরা গেরিলা কৌশলে অভিযান চালাচ্ছে। এর লক্ষ্য উপকূলীয় ফ্রন্টে চাপ কমানো এবং তাইজ থেকে দক্ষিণ উপকূলের এডেনের সঙ্গে যোগাযোগের সড়কে নিয়ন্ত্রণ আরও শক্ত করা।

তাইজ ঘিরে নতুন চাপ

ইয়েমেনের সরকার জানিয়েছে, দেশজুড়ে হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকা পুনর্দখল এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পিএলসি চেয়ারম্যান রাশাদ আল-আলিমি বলেন, হুতিদের কাছ থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সামরিক ইউনিটকে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সাম্প্রতিক ৪৮ ঘণ্টায় তাইজের কাছে কৌশলগত পাহাড়ি এলাকায় সরকারি ও স্থানীয় বাহিনীর বিরুদ্ধে হুতিরা অগ্রসর হয়েছে বলে বিভিন্ন সামরিক সূত্র জানিয়েছে। এতে শহরটির সঙ্গে ইয়েমেনের দক্ষিণ উপকূলীয় শহর এডেনের যোগাযোগের শেষ গুরুত্বপূর্ণ সড়কটি হুমকির মুখে পড়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে চারজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হুতিরা তাইজ ও এডেনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সরবরাহপথও বিচ্ছিন্ন করে দিয়েছে।

২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। এর পরের বছর সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সামরিক জোটের নেতৃত্বে ইয়েমেনে হস্তক্ষেপ করে। তবে হুতিদের ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়নি।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল। চলতি বছরে আবার সংঘাত বাড়তে শুরু করে। এবারের লড়াইয়ের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে লোহিত সাগরের উপকূল ও তাইজ।

ইয়েমেনের প্রতিরক্ষা বিশ্লেষক ইব্রাহিম জালাল মনে করেন, সরকারি বাহিনী ও তাদের মিত্রদের সামনে হুতিরা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে রয়েছে। আল জাজিরাকে তিনি বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সহায়তায় হুতিদের ক্ষেপণাস্ত্রভাণ্ডার, ড্রোন পরিচালনার সক্ষমতা ও সামরিক দক্ষতা বেড়েছে।

তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে নিজেদের সময়সূচি অনুযায়ী হুতিরা যুক্ত হওয়ার পর তেহরানের ‘প্রতিরোধ অক্ষ’-এ তাদের অবস্থান আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে চাপ তৈরির মাধ্যমে আইআরজিসির জন্য হরমুজ প্রণালি থেকে চাপ সরিয়ে নেওয়ার একটি সুযোগও তৈরি হয়েছে।

সৌদি আরবের অবস্থান

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠা এবং দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দাব এলাকায় জাহাজ চলাচলের জন্য হুতিদের হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে যাবে।

সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষার ‘অন্তর্নিহিত অধিকার’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিয়াদ, আবহা, খামিস মুশাইত, জিজান, নাজরান, তাইফ ও ইয়ানবুতে হুতিদের হামলার কথা উল্লেখ করে প্রয়োজন হলে এসব হামলা প্রতিহত করতে সামরিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান আল-মালকি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies