আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। বৃহস্পতিবার বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার আগেই বিমান থেকে বের হয়ে নিরাপদে প্রাণে বেঁচেছেন পাইলট।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, যুদ্ধবিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগেই তিনি বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।
দুর্ঘটনার আগে ওই যুদ্ধবিমানের সঙ্গে প্রশিক্ষণে থাকা আরেকটি বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সম্ভাব্য বিপদের কথা জানান। লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিওতে তাকে বিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে বলে জানাতে শোনা যায়।
এর কিছুক্ষণ পর বিমানটি স্থানীয় সময় বিকেলে একটি আবাসিক এলাকার কাছের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সেখানে বড় ধরনের আগুনের গোলা তৈরি হয় এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিমানটির ইঞ্জিনে সমস্যা হয়ে থাকতে পারে। তবে ইঞ্জিনের ত্রুটির প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।
দুর্ঘটনার পর বিমান থেকে সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।
এদিকে, যুদ্ধবিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে এবং এর ইঞ্জিনে কী ধরনের সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
প্রশিক্ষণের সময় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
Oplus_131072
React:




