নিউজ ডেস্ক
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এতে সংশ্লিষ্ট সবার জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত জাবেদ ওআইসির নতুন মহাসচিবকে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া বৈঠকে গাজীপুরে অবস্থিত ওআইসির প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) নিয়ে আলোচনা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করেন ওআইসি মহাসচিব। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবন সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
ইসমাইল উলদ শেখ আহমেদ আরও জানান, তার ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশ অগ্রাধিকার তালিকায় রয়েছে।
বৈঠকে কৃষি, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা ও শিক্ষাসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে ওআইসিভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির
Oplus_131072
React:




