জামালপুর ডেস্ক:
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ৫৮টি বিমান অভিযান চালিয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথিরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারী বলেন, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত এসব বিমান অভিযান চালানো হয়।
হুথিপন্থি ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইয়েমেনের সা’দা ও মোনাব্বিহ জেলা এবং আল-জাওফ প্রদেশে এসব হামলা চালানো হয়েছে। এলাকাগুলো হুথিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত।
হুথিদের দাবি, গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে সৌদি বিমান হামলা চালিয়ে আসছে। রোববার পর্যন্ত ১৩০টির বেশি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
এর আগে গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সারুরাহ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে হুথিরা। এর জবাবেই সৌদি বিমান হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তবে সৌদি বিমান অভিযানের বিষয়ে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সাম্প্রতিক বিমান অভিযান মূলত সম্মুখসারিতে থাকা ইয়েমেনি সরকারি বাহিনীকে সহায়তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। রাজধানী সানাসহ হুথিদের প্রধান নিয়ন্ত্রিত এলাকাগুলো এখনো এসব হামলার মূল লক্ষ্য হয়নি।
আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এর আগে হুথিরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করে তারা।
সৌদি আরব ও হুথিদের সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর। ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান। এরপর তার সরকারকে পুনর্বহাল করতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে।
বর্তমানে ইয়েমেনের একটি বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অংশ সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫৮টি সৌদি বিমান অভিযান চালানোর তথ্যটি হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারীর দাবি। স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।




