জামালপুর ডেস্ক:
ডোপ টেস্টে শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া কর্মকর্তা আ ফ ম নিজাম উদ্দিন পিপিএম-বার। তিনি পুলিশ সুপার (টিআর) হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত এবং বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে যাত্রা করেন আ ফ ম নিজাম উদ্দিন। কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার শরীরে Urine Benzodiazepines (BZO) এবং Amphetamine/Methamphetamine-এর উপস্থিতি পাওয়া যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ধরনের মাদক শনাক্ত হওয়া ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী এটি ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




