স্টাফ রিপোর্টার:
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মীদের সঙ্গে সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামী ব্যাংকের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান নেন এস আলমের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মীরা। পরে সেখানে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক দাবি করেন, তাদের সংগঠনের অন্তত ৩০ জন সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ থেকে ৩০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
নুর উন নবী মানিক আরও বলেন, ‘অবৈধ নিয়োগপ্রাপ্তদের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নেই। ব্যাংকটির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে তারা অবস্থান নিয়েছেন। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এ সময় পুলিশের ছত্রছায়ায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’
অন্যদিকে চাকরিচ্যুত কর্মীদের একজন শহিদুল ইসলাম দাবি করেন, তাদের অন্তত ২৫ জন আহত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। সেখানে উপস্থিত হওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যে গ্রাহক ফোরামের সদস্যরা আমাদের ওপর হামলা চালান। পরে পুলিশ আমাদের সরিয়ে দেয়। আহত ২০ থেকে ২৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ বলেন, সকালের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন। বর্তমানে চাকরিচ্যুতরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছেন। বাংলাদেশ ব্যাংক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মতিঝিলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ওপর হামলা, আহত ৫৫
Oplus_131072
React:




