আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনে হাউছিদের অগ্রযাত্রা ঠেকানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক সংঘাতবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সুফান সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেনেথ কাটজম্যান। তার মতে, সৌদি আরবের সামরিক সহায়তার অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে হাউছিদের অগ্রগতি থামানো সম্ভব হতো।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেনেথ কাটজম্যান বলেন, মার্কিন বিমানবাহিনী অত্যন্ত নির্ভুলভাবে অভিযান পরিচালনা করতে সক্ষম। ফলে ইয়েমেনে মার্কিন বিমান হামলা চালানো হলে হাউছিদের অগ্রযাত্রা অনেকটাই থামিয়ে দেওয়া যেত। এতে বর্তমানের সংকটও হয়তো সৃষ্টি হতো না।
ইয়েমেন পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কাটজম্যান। তার ভাষায়, পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে, সে বিষয়ে ট্রাম্পকে ‘বিভ্রান্ত’ মনে হচ্ছে। একই সঙ্গে তিনি একজন ‘কার্যকর কমান্ডার ইন চিফ’ হিসেবেও দায়িত্ব পালন করছেন না।
কাটজম্যান বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র অবাধ নৌ চলাচল, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের নির্বিঘ্ন প্রবাহকে নিজেদের গুরুত্বপূর্ণ স্বার্থ হিসেবে বিবেচনা করে আসছে। কিন্তু বর্তমানে ইরান ও ইয়েমেনের হাউছিদের কর্মকাণ্ডের কারণে সেই স্বার্থ চাপের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, ট্রাম্প যেন শুধু দায়িত্বের চেয়ারে বসে আছেন এবং খুব কমই পদক্ষেপ নিচ্ছেন। তিনি হয়তো আশা করছেন, সৌদি আরবের মাধ্যমে কোনোভাবে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বাস্তবে এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম।
ইয়েমেন সংকট সামলাতে ট্রাম্পকে ‘বিভ্রান্ত’ মনে হচ্ছে
Oplus_131072
React:




