ফজর শুরু: ভোর ৪:৪৭ মিনিট
সূর্যোদয়: সকাল ৬:০৬ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:২৩ মিনিট
কোরআন থেকে অনুবাদ
যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয়, তখন বলেঃ আমরা মুসলমান হয়েছি। আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে, তখন বলে, পালনকর্তা তোমাদের জন্যে যা প্রকাশ করেছেন, তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে। তোমরা কি তা উপলব্ধি কর না? [সুরা বাকারা – ২:৭৬]
তারা কি এতটুকুও জানে না যে, আল্লাহ সেসব বিষয়ও পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে? [সুরা বাকারা – ২:৭৭]
দিবস/উদযাপন
১. আন্তর্জাতিক যত্ন ও সহায়তা দিবস
প্রতি বছর ২৯ অক্টোবর দিবসটি পালিত হয়। পরিবার, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন এবং সহায়তার গুরুত্ব তুলে ধরা এর অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে পরিচর্যাকারীদের অধিকার, মর্যাদা, ন্যায্য মজুরি এবং অবৈতনিক পরিচর্যার কাজের স্বীকৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৩ সালে দিবসটি ঘোষণা করে।
২. বিশ্ব সোরিয়াসিস দিবস
প্রতি বছর ২৯ অক্টোবর বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত হয়। সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত চর্মরোগ। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা তৈরি এবং চিকিৎসা ও সেবার প্রয়োজনীয়তা তুলে ধরাই দিবসটির লক্ষ্য।
ইতিহাসে আজ
১. ১৬১৮ সালের ২৯ অক্টোবর: ইংরেজ অভিযাত্রী, কবি ও রাজদরবারের প্রভাবশালী ব্যক্তি স্যার ওয়াল্টার র্যালির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। লন্ডনে তাঁর শিরশ্ছেদ করা হয়েছিল।
২. ১৭৮৭ সালের ২৯ অক্টোবর: অস্ট্রীয় সুরকার উলফগ্যাং আমাদেউস মোৎসার্টের বিখ্যাত অপেরা ‘ডন জিওভান্নি’ বোহেমিয়ার প্রাগ শহরে প্রথম মঞ্চস্থ হয়। পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি।
৩. ১৯১৪ সালের ২৯ অক্টোবর: অটোমান সাম্রাজ্যের নৌবাহিনী কৃষ্ণসাগরে রাশিয়ার বিভিন্ন বন্দর ও জাহাজে আক্রমণ চালায়। এর মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে।
৪. ১৯২৩ সালের ২৯ অক্টোবর: মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। আতাতুর্ক দেশটির প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আধুনিক তুরস্ক রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫. ১৯২৯ সালের ২৯ অক্টোবর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শেয়ারবাজারে ভয়াবহ দরপতন ঘটে। ‘ব্ল্যাক টিউসডে’ নামে পরিচিত এ ঘটনা বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

