ফজর শুরু: ভোর ৪:৪৫ মিনিট
সূর্যোদয়: সকাল ৬:০২ মিনিট
সূর্যাস্ত: সন্ধ্যা ৫:২৮ মিনিট
কোরআন থেকে অনুবাদ
তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছ। কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানী যদি তোমাদের উপর না থাকত, তবে অবশ্যই তোমরা ধবংস হয়ে যেতে। [সুরা বাকারা – ২:৬৪]
তোমরা তাদেরকে ভালরূপে জেনেছ, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘণ করেছিল। আমি বলেছিলামঃ তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। [সুরা বাকারা – ২:৬৫]
অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি। [সুরা বাকারা – ২:৬৬]
দিবস/উদযাপন
আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস (International Stuttering Awareness Day)
কথা বলার সময় তোতলামি বা বাক্প্রবাহের সমস্যার বিষয়ে সচেতনতা তৈরি, ভুল ধারণা দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা বাড়াতে দিবসটি পালিত হয়। ১৯৯৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
ইতিহাসে আজ
১. ৯০৬: আব্বাসীয় খিলাফতের বাহিনীর বাইজেন্টাইন ভূখণ্ডে অভিযান
২২ অক্টোবর ৯০৬ সালে আব্বাসীয় সেনাপতি আহমদ ইবনে কায়গালাগ তৎকালীন তারসুস থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যের ভূখণ্ডে অভিযান পরিচালনা করেন। তুরস্কের মধ্যাঞ্চলের হালিস নদী পর্যন্ত অগ্রসর হওয়া এই অভিযানে কয়েক হাজার মানুষ বন্দী হওয়ার কথা ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। এটি মধ্যযুগের মুসলিম-খ্রিষ্টান রাজনৈতিক ও সামরিক সংঘাতের ইতিহাসের একটি ঘটনা।
২. ১৭৯৭: বেলুন থেকে প্যারাস্যুট নিয়ে গার্নেরাঁর ঐতিহাসিক লাফ
ফরাসি উদ্ভাবক আন্দ্রে-জাক গার্নেরাঁ প্যারিসের পার্ক মঁসো থেকে বেলুনের সাহায্যে ওপরে উঠে প্যারাস্যুট নিয়ে নিচে নামেন। বেলুন থেকে প্যারাস্যুটে অবতরণের প্রথম নথিভুক্ত ঘটনা হিসেবে এটি পরিচিত। আধুনিক প্যারাস্যুট প্রযুক্তির ইতিহাসে ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করে।
৩. ১৮৩৬: টেক্সাস প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের শপথ গ্রহণ
২২ অক্টোবর স্যাম হিউস্টন স্বাধীন টেক্সাস প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। মেক্সিকোর কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর টেক্সাসে নিয়মিত সাংবিধানিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরে ১৮৪৫ সালে টেক্সাস যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হয়।
৪. ১৯৬২: কিউবার ক্ষেপণাস্ত্র সংকটে কেনেডির ঐতিহাসিক ভাষণ
২২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি টেলিভিশনে দেওয়া ভাষণে কিউবায় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের বিষয়টি প্রকাশ করেন। একই সঙ্গে কিউবায় সামরিক সরঞ্জাম পরিবহন ঠেকাতে নৌ-নিয়ন্ত্রণ বা ‘কোয়ারেন্টিন’ ব্যবস্থা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই সংঘাত বিশ্বকে পারমাণবিক যুদ্ধের আশঙ্কার মুখে ঠেলে দিয়েছিল।
৫. ১৯৬৪: নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন জ্যঁ-পল সার্ত্র
২২ অক্টোবর ফরাসি দার্শনিক, ঔপন্যাসিক ও নাট্যকার জ্যঁ-পল সার্ত্রকে ১৯৬৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়। কিন্তু তিনি পুরস্কারটি গ্রহণ করেননি। প্রতিষ্ঠানের স্বীকৃতি ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে তাঁর অবস্থানের কারণে ঘটনাটি সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসে বিশেষভাবে আলোচিত।

