Skip to content
৫ নভেম্বর ২০২৬ (২০ কার্তিক ১৪৩৩)
সর্বশেষ
এমপি মামুনের উদ্যোগে চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড নাব্যতা রক্ষায় সারাদেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ সরকারের গাজীপুরে সংঘর্ষে প্রাণ গেল পোশাকশ্রমিক তৌফিকের, দুধ আনতে গিয়ে আর ফেরা হলো না জামালপুরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভেকু জব্দ বাবাকে হারানোর শোক পেরিয়ে শোভার জিপিএ-৫, স্বপ্ন আইন নিয়ে পড়ার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না এলপিজি, বাজারে শৃঙ্খলা জরুরী প্রথম কলাম ।। ৫ নভেম্বর হেমন্তের কুয়াশায় শীতের আগমনী সুর
অন্যান্য

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতির মামলায় অভিযুক্ত বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাঁর সম্পদের বিষয়ে অনুসন্ধানের পর এ মামলা করা হয়। এরপর তাঁর সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং অনুসন্ধান ও তদন্তের স্বার্থে বিভিন্ন নথিপত্র জব্দের উদ্যোগ নেয় সংস্থাটি।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মে ঢাকার একটি আদালত শেখ আব্দুল হান্নানের নামে থাকা জমি, তিনটি ফ্ল্যাট, একটি নির্মাণাধীন সাততলা ভবন এবং ছয়টি ব্যাংক হিসাব ক্রোক বা অবরুদ্ধ করার আদেশ দেন। পরে ২৪ মে তাঁর, তাঁর স্ত্রী তাহমিদা বেগম এবং ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে অর্থের লেনদেন বন্ধ রাখা এবং সম্পদ হস্তান্তর ঠেকাতে আদালতের আদেশ চেয়েছিল দুদক।

এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর শেখ আব্দুল হান্নানের নামে বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত মালিপাটন মৌজায় থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া এ আদেশে জমিটির দলিলমূল্য উল্লেখ করা হয় ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করে সম্পদ অর্জন করেছেন শেখ আব্দুল হান্নান। তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দেশে ও বিদেশে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

শেখ আব্দুল হান্নান ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তাঁর বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগ এখনো বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি।

React:

Leave a Comment

Your email address will not be published.

Theme by Jhinai Technologies