মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন, বরিশাম বিভাগে দুজন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। এ অঞ্চলে নতুন করে ৪৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২২, বরিশাল বিভাগে ২০৩, রাজশাহী বিভাগে ১৯৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭, ময়মনসিংহ বিভাগে ৯৬, রংপুর বিভাগে ৭৫ এবং সিলেট বিভাগে ১৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ এই বিভাগেই মারা গেছেন ১২৭ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২৪, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ১৯, রংপুর বিভাগে ছয় এবং সিলেট বিভাগে দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৯০ হাজার ৩৫৬ জন।

