দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চলতি মাসে গ্যাস সরবরাহ শুরু হলেও মাত্র এক সপ্তাহের মধ্যে ফের গ্যাসের চাপ স্বল্পতায় উৎপাদন ফের বন্ধ হয়েছে যমুনা সার কারখানায়।
চলতি মাসে কারখানাটিতে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এরপর উৎপাদনে ফেরার প্রস্তুতি শুরু করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এক সপ্তাহ না যেতেই প্রয়োজনীয় মাত্রার তুলনায় কমে যায় গ্যাসের চাপ। ফলে গ্যাস সরবরাহ থাকলেও প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদনে যেতে পারছে না দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানা।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) ফজলুল হক জানান, কারখানায় নিয়মিত উৎপাদনে রাখতে প্রতিদিন ৪২ থেকে ৪৩ এমএমসিএফ গ্যাস প্রয়োজন হয়। কিন্তু চাপস্বল্পতার কারণে আমরা উৎপাদনে যেতে পারছি না। এই চাপস্বল্পতার সমস্যা কেটে গেলে যেকোনো সময় উৎপাদনে যেতে পারবো।

