বিচার বিভাগের বিচারকদের মতো ভবিষ্যতে শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল বা স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের চিন্তা করছে সরকার।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ বিষয়ে সরকার ধাপে ধাপে এগোতে চায়।রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১১ বছর পর দেশে নতুন পে-স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন বেতন কাঠামোতে মূল্যস্ফীতির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় পুরোপুরি হয়নি। বিষয়টি সরকারও উপলব্ধি করেছে এবং মন্ত্রিসভার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতের পরিকল্পনায় শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর বিষয়টি বিবেচনায় রয়েছে। বিচার বিভাগের জন্য যেভাবে পৃথক পে-স্কেল রয়েছে, শিক্ষকদের ক্ষেত্রেও তেমন একটি ব্যবস্থা গড়ে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে।তবে এত বড় ধরনের সিদ্ধান্ত স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন,
একটি রাজনৈতিক সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন। এজন্য সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এ লক্ষ্য বাস্তবায়নের দিকে এগোবে।এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকদের জন্য একটি সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা তৈরি ও বাস্তবায়নের কাজও চলমান রয়েছে। সরকারের এ উদ্যোগকে শিক্ষকসমাজ ইতিবাচকভাবে গ্রহণ করছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




