সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে স্থানীয় ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তাদের ওপর হামলা চালান। হামলায় বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এসবির এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই এসআই আলতাফ হোসেন ও তার ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসবির সাভার জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজার এলাকায় তার একটি জায়গা রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার প্রকৃত কারণ ও হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, ছেলে গুরুতর আহত
React:




