জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।তিনি বলেছেন, নির্বাচিত হওয়ার পর গত ছয় মাসে বিএনপি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি। তারা নায়ক হতে পারত, কিন্তু এখন ভিলেনে পরিণত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।তাজুল ইসলাম বলেন, “আমরা জুলাই সনদের প্রতিটি সংস্কার এবং এর সুফল দেখতে চেয়েছিলাম। বিএনপির কাছ থেকে আমরা এমন কিছু কাজ দেখতে চেয়েছিলাম। কিন্তু তারা যেন ভিলেন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত।”তিনি বলেন, “একজন ব্যক্তি যেন পার্লামেন্টের ক্ষমতা একাই দখল করেছেন। তিনি বারবার বলেন, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি কি খালেদা জিয়ার চেয়েও বড় বিএনপি হয়ে গেছেন?”বর্তমান সংবিধান নিয়ে প্রশ্ন তুলে তাজুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার বলতেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন একই কথা বলা হচ্ছে। অথচ এই সংবিধান ১৯৭০ সালের নির্বাচিত এমপিদের মাধ্যমে ভারতীয় সংবিধান থেকে অনেক কিছু ধার করে তৈরি করা হয়েছিল।”তিনি আরও বলেন, “৫ আগস্টের বিপ্লবের পর একটি অলিখিত সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদের ক্ষমতায় পাঠিয়ে একটি অনুমোদন দিয়ে দিয়েছে—নতুন সংবিধান সংস্কার কমিটি করে সংস্কার করতে। কিন্তু একজন ব্যক্তির ইগোর কাছে জনগণের এই রায়কে উপেক্ষা করা হচ্ছে।”এ সময় তিনি প্রশ্ন করেন, “আপনি কী কারণে জাতির আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন?”বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তাজুল ইসলাম। তিনি বলেন, একজন ব্যক্তি বারবার ‘সংবিধান, সংবিধান’ বলছেন, অথচ বিরোধী দল তাদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরতে পারছে না। ফলে সংসদের বাইরে বসে সেমিনার করে জনগণকে বিষয়টি বোঝাতে হচ্ছে।তিনি বিরোধী দলকে সংসদে নিজেদের দায়িত্ব আরও শক্তিশালীভাবে তুলে ধরার আহ্বান জানান।তাজুল ইসলাম বলেন, “গুম আইন, বিচার বিভাগের স্বাধীনতাসহ জুলাই সনদের মৌলিক বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে সরকার। আমরা এই সরকারের বিপক্ষে নই। তারা বারবার বলছে, জুলাই সনদের প্রতিটি অক্ষর অক্ষরে মেনে চলবে। কিন্তু বাস্তবে অক্ষরে অক্ষরে এর বিরোধিতা করে চলেছে।”তিনি বলেন, “আপনারা আবার ক্ষমতায় আসতে চান তো! আমরা লিখিতভাবে দেব, আগামী নির্বাচনে আমরা আপনাদেরই ভোট দেব, ইনশাআল্লাহ। কিন্তু এরপরও জুলাই সনদ বাস্তবায়ন করুন। আমাদের শহীদ সন্তানদের আকাঙ্ক্ষা পূরণ করুন।”
বিএনপি নায়ক হতে পারত, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম
React:




