স্টাফ রিপোর্টার:
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আন্দোলনে অনুপ্রবেশকারী মুখোশধারী ও সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, কারখানা ও পাটের গুদামে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা সহিংসতার বহিঃপ্রকাশ। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা প্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে আন্দোলনে ইন্ধন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি এবং রপ্তানি বাণিজ্য ও উৎপাদন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। ইতোমধ্যে সহিংসতায় জড়িত কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।
শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত শ্রমিক বা শ্রমিক সংগঠন জড়িত নয় বলে তারা মনে করেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নে শ্রম মন্ত্রণালয় এবং মজুরি বোর্ডকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
কারখানা মালিকদের উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ করতে হবে। আতঙ্কিত হয়ে হঠাৎ কারখানা বন্ধ করে রপ্তানি খাতে সংকট তৈরি না করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশের গার্মেন্টশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পোশাকশিল্পের উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণে সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও রপ্তানি কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
পোশাক খাতে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Oplus_131072
React:




