নতুন জামালপুর :
দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর) থেকে। প্রথম পর্যায়ে যানবাহনের নিবন্ধন করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, নতুন বিধিমালায় ই-রিকশা চলাচলের ক্ষেত্রে বেশ কিছু অপরাধ নির্ধারণ করা হয়েছে। এসব অপরাধ করলে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারিত অপরাধগুলোর মধ্যে রয়েছে—নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অনুমোদিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার এবং গাড়ির মোটর বা কাঠামো পরিবর্তন করা। এ ছাড়া নিষিদ্ধ এলাকায় ই-রিকশা চালানো ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোও অপরাধ হিসেবে গণ্য হবে।
বিধিমালায় আরও বলা হয়েছে, যাত্রী ছাড়া মালামাল পরিবহন, ট্রাফিক সিগন্যাল অমান্য করা এবং দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার মতো কাজের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ
বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। নিবন্ধনের এক বছর পর ফিটনেস যাচাই করে নবায়নের জন্য দিতে হবে ৪ হাজার টাকা।
অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা। এক বছর পর ফিটনেস যাচাই করে নবায়নের জন্য ফি দিতে হবে ৫ হাজার টাকা। এভাবে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত এসব ই-রিকশা চলাচলের সুযোগ পাবে।
ই-রিকশার ফিটনেস সার্টিফিকেট প্রদর্শনের জন্য কিউআর কোড সংবলিত সনদ দেবে সংশ্লিষ্ট সিটি করপোরেশন। এ সনদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
ই-রিকশা উৎপাদনেও আসছে নিয়ন্ত্রণ
ই-রিকশা উৎপাদন নিয়ন্ত্রণ এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সিটি করপোরেশন, পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশা উৎপাদনের ক্ষেত্রে বুয়েট অনুমোদিত নকশা অনুসরণ করতে হবে। বর্তমানে যেসব ই-রিকশা চলাচল করছে, সেগুলোকেও ওই নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সিটি করপোরেশনের অনুমতি নিয়ে এ কাজ সম্পন্ন করবে।
যেসব অপরাধ করলে আইনের আওতায় আসবেন অটোরিকশা চালকরা
Oplus_131072
React:




