নতুন জামালপুর ডেস্ক :
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুবসমাজ। এই জনমিতিক লভ্যাংশ দেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। যুবশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে নিঃসন্দেহে সাফল্য অর্জন সম্ভব।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখনও স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উন্নয়নশীল দেশে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকতে পারে।
তিনি বলেন, এ ক্ষেত্রে যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারাই দেশের ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি। ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও তাদের হাতে।
বাংলাদেশকে এগিয়ে নিতে যুবসমাজকে কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, যুবকদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে। শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, একই সঙ্গে দেশ গঠনেও কাজ করতে হবে।
অনুষ্ঠানে যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথাও বিশেষভাবে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
দেশ ও যুবসমাজের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যুবকদের সামনে এগিয়ে আনতে হবে। দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রধান ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সব ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়ন এবং যুবসমাজের ভাগ্য পরিবর্তনে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।
যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Oplus_131072
React:




