স্টাফ রিপোর্টার:
বিএনপির ভেতরে থাকা একটি পক্ষ অর্থের বিনিময়ে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
তিনি বলেন, বিএনপির কিছু নেতাকর্মী টাকার লোভে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে তারা জানতে পেরেছেন। এ সময় বিএনপির কিছু লোভী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ কাজে সহযোগিতা করলে বিষয়টি জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের সতর্ক করে তিনি বলেন, রাজনৈতিক শক্তি না পেয়ে একটি পক্ষ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তবে কেউ অপকর্মে জড়ালে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবেন না। এ ধরনের কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামেনি। বৃষ্টির মধ্যেও সীমিত পরিসরের এ সভায় মানুষের ব্যাপক সাড়া ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপি পুরোপুরি মাঠে নামলে ঢাকায় কী পরিস্থিতি তৈরি হবে, তা এ থেকেই বোঝা যায়।
তিনি বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান বা পরিচয় পরিবর্তনের চেষ্টা করলে দল তাদের ছাড় দেবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
Oplus_131072
React:




