যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে ডা. তাহের বলেন, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সহযোগী বলে উল্লেখ করা কয়েকজন ব্যক্তি অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
তিনি বলেন, বিশ্বব্যাপী সম্মানিত একজন নোবেলজয়ীকে হেনস্তার মাধ্যমে শুধু বাংলাদেশের নাগরিকদের নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদাকেও ক্ষুণ্ন করা হয়েছে। বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ডা. তাহের আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তি বিদেশে অবস্থান করেও দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। এ ধরনের কর্মকাণ্ড প্রবাসী বাংলাদেশি এবং বিদেশ সফররত দেশপ্রেমিক নাগরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শান্তিপ্রিয় প্রবাসী বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তাদের এ ধরনের পরিস্থিতিতে দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।




