জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিএনপিকে সতর্ক করে বলেছেন, দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে না পারলে বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে দলটি নিজেই নতুন স্বৈরাচারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। সেই প্রত্যাশা থেকেই ছাত্র-জনতা আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মনে যে আশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। দেশের সাধারণ মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম বিএনপির উদ্দেশে বলেন, দলের নেতাকর্মীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হবে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো একই পরিণতির মুখোমুখি হতে হবে বিএনপিকেও।
শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম, এনসিপি নেত্রী শামসুন নাহার, ইমরান আল নাজির এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মুর্শেদ প্রমুখ।




