নতুন জামালপুর ডেস্ক :
সবার ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া জরুরি নয়, তবে ভালো মানুষ হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ‘এ প্লাস’ ও ‘গোল্ড বৃত্তি’প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, সবার পড়াশোনা করতে হবে বা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে—এমন নয়। তবে কেউ যেন মাদকাসক্ত, দুর্নীতিগ্রস্ত বা অপরাধী না হয়। বিদেশে যাওয়া, ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া কিংবা পছন্দের অন্য কোনো পেশা বেছে নেওয়া যেতে পারে, কিন্তু অপরাধ ও মাদকের সঙ্গে যুক্ত হওয়া যাবে না।
তিনি বলেন, যারা পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য কলেজের ফলাফল গুরুত্বপূর্ণ। এ সময়টাকে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথ উন্মুক্ত হবে।
নিজের বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর পুরোনো বিদ্যালয়ে এসে তিনি দেখছেন, যে শিক্ষকরা যৌবনে শিক্ষার্থীদের পেছনে শ্রম দিয়েছেন, তারা এখন বার্ধক্যে পৌঁছেছেন। শিক্ষক ও মা-বাবার প্রতি শিক্ষার্থীদের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেবিদ্বারে কিশোর গ্যাং ও অপরাধ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি কয়েকজন কিশোরকে গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। এলাকার কোনো শিক্ষার্থীর ভালো কাজের খবর পেলে সেটিই গর্বের বিষয় হবে বলে তিনি উল্লেখ করেন।
অপরাধের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ভালো কাজের ক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের পাশে থাকবেন। তবে কেউ অপরাধ করলে সে তার পরিচিত বা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ছাড় পাবে না।
শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে তিনি বলেন, তারা কী হতে চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। সুযোগের সঠিক ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীর।
ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হওয়াই মূল কথা: হাসনাত আবদুল্লাহ
Oplus_131072
React:




