নতুন জামালপুর ডেস্ক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন করে গতিশীলতা আনার কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) সম্মেলন-২০২৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কাবিখা, কাবিটা, টিআর, জিআর, ভিজিএফ ও খাল খননের মতো কর্মসূচির মাধ্যমে তৃণমূলের প্রান্তিক মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, খাল খনন কর্মসূচি শুষ্ক মৌসুমে চাষাবাদ এবং বর্ষাকালে পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খালে মাছ চাষ ও নদীর তীরে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে।
আসাদুল হাবিব দুলু জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো বরাদ্দ যেন ফেরত না যায় এবং সরকারি অর্থের অপচয় না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: আসাদুল হাবিব দুলু
Oplus_131072
React:




