জামালপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাস চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ৫ থেকে ৭ সদস্যের একটি ডাকাত দল। তবে হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামিয়ে চিৎকার করলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্টের প্রায় ২০০ গজ পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী থেকে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাইক্রোবাসটি রিজার্ভ করেন চালক মো. খোরশেদ। পরে চন্দ্রাসহ বিভিন্ন স্থান থেকে ৫ থেকে ৭ জন যাত্রী গাড়িতে ওঠেন।
কিছুদূর যাওয়ার পর যাত্রীরা ধারালো অস্ত্রের মুখে চালককে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নেন। পরে তাদের নির্দেশ অনুযায়ী যমুনামুখী অজ্ঞাত স্থানে যেতে বলা হয়।
একপর্যায়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্টের কাছে হাইওয়ে পুলিশের সদস্যদের দেখতে পান চালক। এ সময় তিনি গাড়ি থামিয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করেন। চিৎকার শুনে দায়িত্বে থাকা দুই কনস্টেবল দ্রুত এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ চালক মো. খোরশেদকে উদ্ধার করে। মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়।
মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, চালকের চিৎকার শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। উদ্ধার করা আলামত ও মাইক্রোবাসটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, চালক কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহ প্রকাশ করেননি। এ কারণে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
কালিহাতীতে অস্ত্রের মুখে চালককে জিম্মি, পুলিশের উপস্থিতিতে ডাকাতদলের পলায়ন
Oplus_131072
React:




