জামালপুর ডেস্ক:
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় পর্যায়ে দলীয় সুপারিশ ও সিদ্ধান্তের ভিত্তিতে বিভিন্ন সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার দুই সিটিসহ মোট ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের তালিকা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের নাম আলোচনায় রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় খাল পরিষ্কারের উদ্যোগের মাধ্যমে তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা দেখিয়েছেন।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নাম আলোচনায় রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দক্ষিণ সিটিতে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের পরিকল্পনা করছে দলটি।
তবে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের সুপারিশ, সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতি বিবেচনা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।




