ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডাকসুর পরবর্তী নির্বাচন আয়োজন ও নির্বাচনের তফসিল ঘোষণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মুহা. মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।
সভায় ডাকসুর পরবর্তী সেশনের নির্বাচন যথাসময়ে আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা এবং প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সদস্যরা মতামত দেন। পাশাপাশি হল সংসদগুলোর সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্যনির্বাহী পরিষদের সভায় বর্তমান সেশনে ডাকসুর বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। সভায় ডাকসুর চলমান কার্যক্রম ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের সার্বিক চিত্র তুলে ধরেন ভিপি আবু সাদিক কায়েম। এ সময় বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য তাঁদের দায়িত্বাধীন বাস্তবায়িত কাজ ও চলমান উদ্যোগ সম্পর্কে সভাকে অবহিত করেন।
এ ছাড়া ডাকসুর চলমান সেশনের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অডিট কার্যক্রম নিয়েও আলোচনা হয়।




