আলমগীর হোসাইন,মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ী এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে ২০ পিস ইয়াবাসহ নিজাম (৪১) ও ইউনুস (২১) নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের হিদাগাড়ী এলাকার মৃত মোরদুজ্জামানের ছেলে নিজাম এবং একই এলাকার মোতালেবের ছেলে ইউনুস।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”




