আলমগীর হোসাইন, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় ২২ জনের মাঝে ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার ঋণ সহায়তা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পল্লী ভবন চত্বরে বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী মধ্যপাড়া অপ্রধান শস্যদলের সদস্যদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। একই সাথে ঋণগ্রহীতা ২২ সদস্যের প্রত্যেককে ১টি করে পেয়ারা গাছের চারা দেওয়া হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে বিতরণকৃত ঋণ থেকে আদায়কৃত সেবামূল্যের ওপর দলের ম্যানেজারকে কমিশন প্রদান করা হবে বলে জানানো হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও শস্যদলের সদস্যরা।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, ডাল, তেল ও মশলাজাতীয় অপ্রধান শস্যের উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঋণগ্রহীতাদের পেয়ারা গাছের চারা উপহার দেওয়া হয়েছে।




